জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ প্রতিনিধি
সম্প্রতি ছড়িয়ে পরা বিদেশি দূতাবাসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অডিও কলের রেকর্ডটি এআই দিয়ে তৈরি বলে প্রমাণিত হয়েছে।
এ সংক্রান্ত পোস্টগুলোর ক্যাপশনে বলা হচ্ছে, “এবার বিদেশি দূতাবাস-এর সাথে তারেক রহমানের কল রেকর্ড ফাঁস, জামায়েত এনসিপিকে দুচোখে দেখতে পারছে না যুক্তরাষ্ট্র ও ভারত। তাই এবার এদের মাইনাস করতে তারেককে বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও বলেছেন তাদের শীঘ্রই মাইনাস করা হবে। এ জন্য আওয়ামীলীগকে দরকার তাই আওয়ামীলীগকে ব্যাক করাতে এতো দৌড় ঝাঁপ।”
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, বিদেশি দূতাবাসের সঙ্গে তারেক রহমানের কল রেকর্ড ফাঁস দাবিতে প্রচারিত অডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহার করে এ ভুয়া অডিওটি বানানো হয়েছে।
অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে অডিওটির অস্তিত্ব পাওয়া যায়নি।
অডিওর সূত্রপাত অনুসন্ধান করতে গিয়ে ‘Prem Chowdhury’ নামের ভুঁইফোঁড় প্রোফাইলে অডিওটির সম্ভাব্য প্রথম আপলোড হিসেবে শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। প্রোফাইলটিতে ১১ আগস্ট দুপুর তিনটা ৪৬ মিনিটে ভুয়া অডিও দিয়ে ভিডিওটি প্রকাশ করা হয়। এ প্রোফাইলে এটিই প্রথম স্বতন্ত্র পোস্ট। ২০২৪ সালের নভেম্বর মাসে খোলা এই প্রোফাইলটিতে এর আগে প্রোফাইল ছবি (ইন্টারনেট থেকে সংগৃহীত) হালনাগাদ করা ছাড়া উল্লেখযোগ্য কোনো পোস্ট করা হয়নি।
পরবর্তীতে অডিওটি বিশ্লেষণের সিদ্ধান্ত নেয় রিউমর স্ক্যানার। এতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। একজনের গলা প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো, অন্যজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
১ মিনিট ২০ সেকেন্ডের কথোপকথনটি একরম ছিল-
প্রথম ব্যক্তি (দূতাবাস কর্মকর্তা দাবি): We are seeing considerable pressure on your government across several fronts. Energy security is becoming particularly sensitive, alongside opposition activity and broader political pressure.
দ্বিতীয় ব্যক্তি (তারেক রহমান দাবি): The situation remains manageable. Our biggest challenge right now is investment. Jamaat remains one of the principal concerns. We are gradually limiting its influence, including within the banking sector. We are also increasing pressure on extremist networks. It will take time, but without financial influence, their political leverage will weaken considerably. What is your assessment regarding the Awami League?
প্রথম ব্যক্তি (দূতাবাস কর্মকর্তা দাবি): Mr. Prime Minister, investors need predictability, institutional stability, and a secure political environment. At present, there are concerns in all three areas. As discussed previously, I have spoken with senior Awami League figures. They remain firm on the question of Sheikh Hasina. At some stage, political space for the party will have to be considered. Your meeting with the Indian ambassador is scheduled for the 10th. These issues can be discussed in greater detail then. We also do not want…
দ্বিতীয় ব্যক্তি (তারেক রহমান দাবি): I understand that. The Awami League may eventually become necessary as a political counterweight to Jamaat and the NCP.
আলোচিত অডিওটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Resemble AI-তে পরীক্ষা করা হয়। সেখানে অডিওটিকে ‘ডিপফেক’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
একইভাবে, এআই কনটেন্ট শনাক্তকারী আরেকটি প্ল্যাটফর্ম Hive Moderation-এ অডিওটি পরীক্ষা করলে এতেও এআই-সৃষ্ট বা ডিপফেক কনটেন্ট থাকার সম্ভাবনা ৯৮.২ শতাংশ বলে শনাক্ত করা হয়।
সুতরাং, বিদেশি দূতাবাসের সঙ্গে তারেক রহমানের কল রেকর্ড ফাঁস দাবিতে প্রচারিত অডিওটি এআই দিয়ে তৈরি। আসল অডিও নয়।











