নিউজ ডেস্ক
আজ থেকে ১৫ বছর আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল তা ভেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ জুলাই) সকালে নিজ কার্যালয়ে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখানে অনেকে অন্য দলের লোকও আছেন। আমরা কিন্তু কে ভোট দিল না দিল সেটা দেখি না। দেশের সব জনগণের জন্য কাজ করি। আমি যা করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণে করি। আমি ঘর করে দিয়েছি, সেখানে কে ভোট দিল না দিল সেটা দেখিনি। সব উন্নয়নের ক্ষেত্রেই আমরা সেটা করি।
তিনি বলেন, জনগণ আপনাদের স্বতস্ফূর্ত ভোট দিয়ে নির্বাচিত করেছে। মানুষের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে। উন্নয়ন আপনাদের ওপর নির্ভর করে। আমাকে তিনশ সিট দেখতে হয়। আপনারা নিজ নিজ এলাকা দেখবেন। আপনি আপনার এলাকা নিয়ে পরিকল্পনা করবেন। মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে।
এ সময় প্রত্যেক মেয়র-কাউন্সিলরকে নিজ নিজ এলাকার ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনব্যবস্থা উন্নত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য প্রচুর বরাদ্দ আছে। সেই বরাদ্দ যেন সঠিকভাবে কাজে লাগানো হয় সেই তাগিদ দেন তিনি। এ সময় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে সবাইকে মিতব্যয়ী হওয়ার তাগিদ দেন সরকারপ্রধান। পানি-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।












