জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, যেহেতু নির্বাচনে অংশ নেওয়া সব দলই একটি সুষ্ঠু ভোট চাই, তাই আমরা বিপুল ভোটে জয়ী হওয়ার প্রত্যাশা করছি।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়াসহ নানা অনৈতিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। টকশোতে নীতিবাক্য হিসেবে এমন ব্যক্তিরাও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ এসেছে। তিনি বলেন, কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গণমাধ্যমে খবর এসেছে যে, বিশেষ পোশাক ও জাল ব্যালট পেপার ছাপানো হচ্ছে এবং সিলসহ সরঞ্জামও রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন ইসির অধীনে কাজ করছে। তিনি প্রশ্ন তুলেছেন, এসব ঘটনা কেন আগে থেকে নজরে আসছে না।
মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আসা বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, কোন ডিসি কোন দলের লোক—এমন হিসাব ছড়ানো হচ্ছে। আমরা এটাকে গুজব হিসেবে দেখার চেষ্টা করছি। তবে কমিশনকে খেয়াল রাখতে হবে যেন কোনো কর্মকর্তার কর্মকাণ্ড বিশেষ কোনো দলের পক্ষপাতমূলক না হয়। অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে।
তিনি আরও বলেন, আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের প্রার্থী ও এজেন্টদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।
নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে কি না, এ প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আশা করছি বড় কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা নির্বাচনে অংশ নেওয়া সব দলই একটি সুষ্ঠু ভোট চাই, তাই আমরা বিপুল ভোটে জয়ী হওয়ার প্রত্যাশা করছি।













