• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতান্ত্রিক আন্দোলন দমনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে সরকার: রিজভী

প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩ ১০:০৭
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩ ১০:০৭

9663256

গণতান্ত্রিক আন্দোলন দমনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে সরকার: রিজভী

সরকার আবু সাঈদ চাঁদের বক্তব্যকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে জেগে ওঠা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজশাহী জেলা আহ্বায়কের বক্তব্যকে কেন্দ্র করে অবৈধ সরকার বিএনপি’র ওপর নামিয়ে এনেছে এক ভয়াবহ নির্যাতন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদেরকে হত্যার প্রকাশ্য হুমকি যারা দিয়েছেন তারা আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীসহ সকল পর্যায়ের মন্ত্রী ও নেতারা। সেই হুমকিতে আছে হত্যা ও পঙ্গু করার নির্দেশ। দেশের মানুষ জানে প্রধানমন্ত্রী বরাবরই সকাল-সন্ধ্যা ক্রুদ্ধ হুংকার আর ভর্ৎসনাপূর্ণ বক্তব্য দিতে ভালবাসেন।

বুধবার (২৪ মে) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যাদের ক্ষমতাবিলাস ও দুর্নীতির ওপর অবাধ জেনারেল লাইসেন্সে গোটা দেশকে লোপাট করা হচ্ছে তারা এখন চাঁদের সামান্য বক্তব্যকে বড় করে দেখার চেষ্টা করছে। অবৈধ ক্ষমতার জোরে আইন আদালতকে কব্জায় নিয়ে নিরাপদ বেষ্টনীর মধ্যে থেকে বিএনপিকে নির্মূলের ইশতেহার জারি করেছেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী নেতা-মন্ত্রীরা। এটি আসলে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে জেগে ওঠা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে।

তিনি বলেন, দেশজুড়ে চলছে এক অসহনীয় দুর্দিন। আওয়ামী দুঃশাসন প্রলম্বিত করার জন্য আগামী জাতীয় নির্বাচন আবারও একতরফা করার এক গোপন মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করার অপচেষ্টা চলছে। আর সেই কারণেই বিএনপি’র ওপর আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে। গভীর রাতে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে চলছে চিরুনী অভিযান। রাজনীতির সাথে সম্পর্কহীন মা, শিশু ও আত্মীয়স্বজনকে গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের মতো বিএনপি’র নেতাকর্মীদের অবস্থান জানতে চাচ্ছে।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে চাঁদের মেয়ে মোছা. জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানার মেয়ে আরিশা (৪ ), বড় বোনের মেয়ে মোছা. মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানির মাধ্যমে অমানবিকতার যে দৃশ্য ফুটিয়ে তুলেছে তা নজিরবিহীন। চার বছরের অবুঝ শিশুসহ নিরপরাধ মহিলা ও পুরুষকে আটকের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। শিশুসহ গ্রেফতার নারীদের জীবনের নিরাপত্তা নিয়ে চাঁদের আত্মীয়স্বজন এবং আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে বর্তমান শাসকগোষ্ঠীর বিশ্বাসের ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা। তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তার তাদের জন্য অপরিহার্য। আর এজন্য উগ্র ক্ষমতালোভ, জনগণের প্রতি অমানবিক অবজ্ঞা ও বিশ্বাসঘাতকতার দ্বারা গোটা জাতিকে খন্ড-বিখন্ড করে যাচ্ছে এই অবৈধ সরকার। তাদের আচরণে মনে হচ্ছে গোটা দেশের মালিকানা আওয়ামী লীগের। এই কারণে সরকার বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে গণহারে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।

রিজভী আরও বলেন, আজও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জিলানী, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, আবদুস সাত্তার পাটোয়ারী এবং আব্দুস সাত্তারসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে। এই ঘটনায় আওয়ামী ত্রাসের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তারা এবং আইনশৃঙ্খলা বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক শক্তির ওপর ঝাঁপিয়ে পড়েছে। তাদের প্রতিহিংসা, স্বার্থপরতা, নীচতা, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যই হলো ক্ষমতা যেন হাতছাড়া না হয়। আমি অবিলম্বে উল্লিখিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com