• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুম হওয়া বিএনপি নেতার ভাই শ্যামলকে তুলে নেওয়ায় ফখরুলের উদ্বেগ

প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৬:৪৩
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৬:৪৩

9888586

গুম হওয়া বিএনপি নেতার ভাই শ্যামলকে তুলে নেওয়ায় ফখরুলের উদ্বেগ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে গত ৩০ সেপ্টেম্বর তাদের শাহীনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া ও পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজেদুল হক সুমন। গুম হওয়ার পর সাজেদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন। গুম হওয়ার এতো বছর পর আবারো গত ৩০ সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।

তিনি বলেন,’অভিযান পরিচালনার সময় অভিযান পরিচালনাকারীরা ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের সাথে গালিগালাজ ও চরম অশালীন আচরণ করে। তারা বাসার ছোট্ট শিশুর সাথেও অমানুষের মতো আচরণ করে। বর্তমানে দেশ পতিত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নির্দয় শাসন—শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলি’র ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সাথে রসিকতা।

মির্জা ফখরুল বলেন,’বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল। তিনি রাজনীতির সাথে জড়িত না হলেও কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকান্ড। এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর। ফ্যাসিষ্ট আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে, সেটিকে নিমূর্ল করতেই এ ধরণের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে—যা খুবই উদ্বেগজনক।

“দেশকে অস্থিতিশীল করার সাথে জড়িত কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করতে ইন্টেরিম গভর্ণমেন্ট জোরালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদী। গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি’র পরিবারের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, প্রতিবাদ সহ এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জোরালো আহবান জানাই।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com