• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় পার্টি বিরোধী হওয়ার নাটক করছে : ববি হাজ্জাজ

প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২ ৯:৪৩
আপডেট: শনিবার, ১ অক্টোবর, ২০২২ ৯:৪৩

96002563 1

জাতীয় পার্টি বিরোধী হওয়ার নাটক করছে : ববি হাজ্জাজ

জাতীয় পার্টি সরকার বিরোধী হওয়ার নতুন নাটক করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার (১ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটের সেমিনার হলে আয়োজিত দলের দ্বিতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দুইদিন পরপর নতুন নাটক শুরু করেন। দলের ভেতরেও তাঁর নেতৃত্ব নিয়ে বিতর্ক রয়েছে। গত সংসদের মত বর্তমান মেয়াদেও বিরোধীদল হিসাবে সরকারের খায়েশ পূরণ করে যাচ্ছে তাঁর দল জাতীয় পার্টি। এখন তাঁরা সরকার বিরোধী হবার নতুন নাটক করছে। অন্যদিকে বিএনপি রাজপথে প্রতিনিয়ত সরকার পতনের হুমকি দিলেও সংসদে তাঁদের এমপিরা এখন পর্যন্ত এই নৈশভোটের সংসদকে বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে জাতীয় সংসদ থেকে বিএনপি-জাপার এমপিদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। এছাড়া জনগণকে আপনারা সাথে পাবেন না।

এর আগে সারাদেশ থেকে আগত এনডিএম এর অঙ্গসংগঠন যুব আন্দোলনের সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে বেলুন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ আরও বলেন, আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বাতিল করার পেছনে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিলো দেশের নির্বাচন ব্যবস্থা এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে রাজতন্ত্রের আদলে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকা। গণভোট ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ থাকায় প্রতিটি সরকারই এর সুযোগ নিয়েছে। জাতীয় নির্বাচনকে অধিকতর স্বচ্ছ করতে একাধিক দিনে ভোটগ্রহণের বিকল্প নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টির উদ্যোগ নিতে বর্তমান সরকারকে আহবান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শুধু সংবিধানের দোহাই দিয়ে বসে থাকলে চলবে না। হয় আপনারা সংলাপ শুরু করুন অথবা আমাদের চা-এর আমন্ত্রণ গ্রহণ করুন। ঢাকা বসন্ত শুরু হবার আগেই রাজনৈতিক ঐক্যমত সৃষ্টির উদ্যোগ না নিলে পরিণতি শুভ হবে না।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ, মো. শাহাদাত হোসেনসহ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সম্মেলন শেষে আদনান সানিকে সভাপতি এবং মো. মিঠু আলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে যুব আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com