জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
শপথ গ্রহণের পর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রথম সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। একই সময়ে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দ্বিতীয় ধাপে শপথ নেন। পরে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শফিকুর রহমান। বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ শেষে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকেই এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জোটের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বিএনপি। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যার সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হচ্ছেন ডা. শফিকুর রহমান।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।













