• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে কী কথা হলো বিএনপি নেতাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ২:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ২:৩৫

9662584

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে কী কথা হলো বিএনপি নেতাদের

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠক করতে ডিএমপি কার্যালয়ে যায় প্রতিনিধি দল। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা।

এসময় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়গুলো ডিএমপি কমিশনারকে অবহিত করে এ বিষয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি নয় যে কোনো বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে সভা করতে পারবে না। বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। আমরা ডিএমপি কমিশনারকে বলেছি, এভাবে যেন গ্রেপ্তার করা না হয়। পাশাপাশি আমরা যেটা বলেছি, গ্রেপ্তার করার পর সরকার মহল থেকে বলা হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এটা সত্য কথা না।’

আব্দুস সালাম আরও বলেন, ‘দেখা গেছে ইতোমধ্যে আমাদের যে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই জামিনে আছে। যে সব মামলা সরকার অবৈধভাবে অন্যায়ভাবে দিয়েছে, তারপরও সেগুলোতে হাইকোর্ট ও জজকোর্ট থেকে জামিন নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুযোগ-সুবিধার কথা বলছে। আর এখন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করার জন্য, ঘরে ঢুকানোর জন্য তারা নেতা সংগঠককে বেছে বেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে এটা হতে পারে না। আমরা এটার প্রতিবাদ করেছি।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আরও বলেন, ‘আমরা নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই। এ ব্যাপারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যতটুকু পুলিশের সহযোগিতা দরকার, সেই সহযোগিতা আমরা চাই। কোথাও যাতে অন্যায়ভাবে কোনো গ্রেপ্তার করা না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি, সেটা তাকে বলেছি।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘ডিএমপি কমিশনার খুব আন্তরিকতার সঙ্গে বলেছেন, আপনারা আমাদের অবহিত করবেন। কোনো সমস্যা হবে না। সেটা তিনি দেখবেন। গ্রেপ্তারের ব্যাপারেও তিনি বলেছেন, আমরা শুনেছি, জেনেছি। আমরা এ ব্যাপারে দেখব ভবিষ্যতে যেন এমন না হয়।’

প্রতিনিধি দল সার্বিক ব্যাপারে সব তুলে ধরেছে জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, ডিএমপি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন। এ বিষয়গুলো তিনি দেখবেন এবং দেখার ব্যবস্থা করবেন।’

বৈঠকে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com