• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে: মান্না

প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৩৮
আপডেট: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৩৮

966666323

প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে: মান্না

জনতার আওয়াজ ডেস্ক
খামারবাড়িতে নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে মারধরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, সোমবার খামারবাড়িতে নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে ছাত্রলীগ শতাধিক ক্যাডার হামলা চালায়। তারা টেবিল, চেয়ার ভাঙচুর করে কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের ১৫-২০ জন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে ঘিরে ধরে মারধর করে। এক পর্যায়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান সবুজ তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ১৫-২০ জন ক্যাডার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে আটকে বেধড়ক মারধর করে। পাশেই পুলিশ অবস্থান করলেও তারা এসময় নিরব থাকে।

জনগণের ভোটাধিকার হরণ করে গায়ের জোরে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করেছে অভিযোগ করে তারা বলেন, বিরোধী মতকে দমন করতে তারা রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি দলীয় ক্যাডার বাহিনীকে ব্যবহার করছে। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে তারা গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষরের মতো কর্মসূচিতেও হামলা করছে। কারণ তারা জনগণকে ভয় পায়। তারা জানে একদিন তাদের সব অপকর্মের হিসাব জনগণ নেবে। তাই নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচিতে সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। কারণ এই কর্মসূচিতে প্রতিদিন শত শত সাধারণ জনগণ যুক্ত হচ্ছেন, তাদের মতামত দিচ্ছেন এবং গণতন্ত্রের পক্ষে স্বাক্ষর করছেন।

দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণস্বাক্ষর কর্মসূচি পণ্ড করা এবং সাকিব আনোয়ারের ওপর এই বর্বরোচিত হামলার সমুচিত জবাব দেওয়া হবে। প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে। সময় আসছে। জনগণ স্বৈরাচার সরকার এবং সন্ত্রাসী দল আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে আছে। যেকোনো সময় গণবিষ্ফোরণ হবে। সেদিন গর্তে লুকানোর সুযোগও পাবে না অবৈধ ক্ষমতাসীনরা বলেও এতে উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com