• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: নানক

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৬:২৯
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৬:২৯

966636985 3

বিএনপি নেতাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘মির্জা ফখরুলসহ বিএনপি উচ্চ পর্যায়ের নেতারা সরকার পতনের ডাক দিয়ে তাদের নেতাকর্মীদের বারবার বিভ্রান্ত করছে। কিন্তু সরকার পতন এত সহজ না, কারণ এই সরকার জনগণের সরকার। মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যদি সরকার পতন করতে না পারে, তাহলে পল্টন কার্যালয়ের সামনে বিএনপির নেতাদের কান ধরে উঠবস করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ।

বিএনপি দেশের ভোট ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে দাবি করে নানক বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন এদেশে ভোট চুরি করেছে, এখন তারাই আমাদের ভোট ব্যবস্থা সংস্কার করতে বলে। এটা লজ্জার বিষয়। লজ্জায় তাদের মাথা নত করে থাকা উচিত। আসলে তাদের লজ্জা নেই।’

তিনি বলেন, কারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে? যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চেয়েছিল সেই পরাজিত শক্তি ১৫ আগস্ট নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে।

সেই চক্রান্তকারীরা আবার ষড়যন্ত্র শুরু করেছে দাবি করে নানক বলেন, সেই চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি-উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের আন্দোলন ১০ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর যেভাবে প্রতিহত করা হয়েছে আজকেও তাদের গণঅবস্থান কর্মসূচি ব্যর্থ করা হবে।

বিএনপিকে প্রতিহত করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যে পরাজিত শক্তি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তারাই ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে। তারা আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। যুব সমাজকে নিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি কর্মসূচি পালন করে সরকার হটানোর জন্য। তারা ক্ষমতায় থাকাকালীনও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অনেক অত্যাচার করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে উন্নয়নের মাধ্যমে দেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। তারা আবারও যদি রাস্তায় নামতে চায় তখনই প্রতিহত করা হবে।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, অপরাধের দায়ে বিএনপি-জামায়াতকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যুবলীগ তাদেরকে অনেক ছাড় দিয়েছে, সামনে ছাড় দেওয়া হবে না। আরেকবার মানুষের গায়ে হাত দিলে যুবলীগ সমুচিত জবাব দেবে।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সমাবেশ পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈম, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, দপ্তর সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান কামরুলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা যুবলীগের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com