সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হারুনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় রাতেই দলটির অজ্ঞাতনামা ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
গত সোমবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিক গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা হয়। তবে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।












