• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিরোধী জোটের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪১
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪১

B1F9149D 54BA 4922 B7C9 C875A54AF9F3

বিরোধী জোটের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী জোটের দশম দফায় ডাকা বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আজ। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপি’র পাশাপাশি জামায়াতও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলো একই কর্মসূচি পালন করবে। এদিকে অবরোধ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে আগামীকাল সকাল ৬টা থেকে, চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। এই অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় থাকবেন। সব জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়েছে। আমরা জনগণের সমর্থনে বিশ্বাস করি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে জনগণ।

আমরা বিদেশি শক্তির ওপর নির্ভর করি না, একে বকা, ওকে বকা এগুলো করি না। আমরা জনগণের শক্তির ওপর নির্ভর করে আমরা আমাদের দাবিগুলোর জন্য এই আন্দোলন-সংগ্রাম করছি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে আগামী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।
রিজভী বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২৮৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। ১৫টি মামলায় ১ হাজার ৩৯৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ৬৫ নেতাকর্মী আহত হয়েছেন। রিজভীর দাবি, ১৫ই নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ২৬৫টি মামলায় তাদের দলের ২৯ হাজার ৭৬০ জনকে আসামি করা হয়েছে। আর হামলায় ১ হাজার ৫২ জন আহত হয়েছেন। এ ছাড়া মৃত্যু হয়েছে ৭ জনের।

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে তিনদফায় চারদিন হরতাল ও নয়দফায় ১৮দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com