• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানুষ জেগেছে, আন্দোলন শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ৫:০৭
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ৫:০৭

960023 11

মানুষ জেগেছে, আন্দোলন শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম

দেশের মানুষ জেগেছে। এখন শহর-বন্দর-উপজেলা ছাড়িয়ে গ্রাম পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।

তিনি বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এত মানুষকে হত্যা, গুম, নির্যাতনের পরও বিএনপিকে দমাতে না পারাটাই বর্তমান সরকারের বড় ক্ষোভের কারণ।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে গত ৯ বছরে গুম, খুনের শিকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে ১৪ পরিবারকে এককালীন শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি। তার আহ্বানে সবাইকে জেগে উঠতে হবে, নেতাকর্মীদের ত্যাগ ও অশ্রু বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

দেশের উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরাচ্ছে সরকার— এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই অনির্বাচিত সরকারকে পরাজিত করে বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন, নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।

ফখরুল বলেন, নেত্রী খালেদা জিয়া এ মুহূর্তে কারাগারে অন্তরীণ না হলেও তিনি গৃহ অন্তরীণ রয়েছেন। গতকালও তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছে। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বললেও সরকার এ ব্যাপারে কোনও কর্ণপাত করছে না, অনুমতি দিচ্ছে না। সরকার খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না কারণ তাদের ভয়, তিনি বের হলে তাকে সামাল দিতে পারবে না।

অনুষ্ঠানে ভোলা জেলার নুর আলম, আব্দুর রহিম, নুরুল আলম নুরু, মো. সুমন ইসলাম, মো. লিখন খান, অমিত হাসান, আল আমিন, মনির হোসেন, সানাউল্লাহ, ফেনী জেলার আবুল কালাম, জামশেদ আলম, হেলাল উদ্দিন, চট্টগ্রামের ইয়াসিন আরাফাত, নেত্রকোনার মঞ্জুরুল হক মঞ্জুর পরিবারের সদস্যদের হাতে এসময় অর্থ সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com