• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনার মূল কারণ অন্তর্বর্তীকালীন সরকার: আসাদুজ্জামান

প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৪:০৮
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৪:০৮

9633320 2

রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনার মূল কারণ অন্তর্বর্তীকালীন সরকার: আসাদুজ্জামান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজনৈতিক দলগুলোর মধ্যে আজ যে ভেদাভেদ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার মূল কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, সরকারের এই পদক্ষেপের কারণে দেশে রাজনৈতিক অনৈক্য ও বিভাজন হচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত “জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিপন বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে আজ যে ভেদাভেদ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার মূল কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিশেষ করে বিএনপির সঙ্গে, বিশ্বাসভঙ্গ করেছে। জুলাই সনদে এমন সব বিষয় সন্নিবেশিত করা হয়েছে, যেগুলোর ওপর কোনো সমঝোতা হয়নি।”

তিনি বলেন, “আমরা শুরু থেকেই দেখছি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা রয়েছে। অথচ পৃথিবীর প্রতিটি দেশে গণঅভ্যুত্থান শেষে কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নির্বাচন বিলম্বিত করা হলে তা গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনবে।”

বিএনপি সংস্কারের বিরোধী—এমন সমালোচনার জবাবে রিপন বলেন, “বাংলাদেশে সংস্কারের ধারক বিএনপি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা—এসব সংস্কার প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছিল। আজ যারা নতুন দল গঠন করে বিএনপিকে সংস্কারবিরোধী বলছেন, তারা ইতিহাস বিকৃত করছেন।”

তিনি জানান, রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাবের মধ্যে বিএনপি মাত্র ১২টি আপত্তি দিয়েছে। বাকিগুলোর বেশিরভাগ আপত্তি এসেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। “আমরা আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসে দৃঢ়, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী—এসব মৌলিক বিষয়ে আপস সম্ভব নয়,” বলেন তিনি।

বিএনপি নেতা আরও বলেন, “আমরা একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা চাই। গত ১৬ বছর রাজপথে থেকে গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে। নেতা-কর্মীরা নির্যাতন সহ্য করেছে, মামলা খেয়েছে, তবুও পিছিয়ে যায়নি।”

প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা প্রকাশ করে রিপন বলেন, “আমরা বিশ্বাস করতে চাই, আপনি ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করবেন। তবে যদি সরকারের অভ্যন্তর থেকে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।”

আয়োজক সংগঠনের সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতউল্লাহসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com