জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ভোটের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ব্যস্ত সময় পার করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তিনি সারাদেশের দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। একইসঙ্গে বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন এবং কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গেও মতবিনিময় করেন। এদিন তিনি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাংগঠনিক কার্যক্রমও সম্পন্ন করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিএনপি চেয়ারম্যান বর্তমানে গুলশানে তার কার্যালয়ে অবস্থান করছেন। সকাল থেকেই তিনি সারাদেশের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং সরাসরি নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেন। সারাদেশের রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনী পরিস্থিতি কেমন রয়েছে, তা তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন। সকাল থেকে দিনভর তিনি অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন বলে জানান রুমন। এ সময় তারেক রহমানের বক্তব্য এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সারাদেশের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়। দুপুরে তিনি গুলশানের বাসা থেকে দলের কার্যালয়ে যান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি ২৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি ৯টি আসনে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছে।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের মৌচাক, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জের সোনারগাঁও, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকার উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী বক্তব্য দেন।
সবমিলিয়ে ঢাকাসহ সারাদেশে মাত্র ৯ দিনে তিনি ৪১টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।













