• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর সিদ্ধান্তের অপেক্ষা

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১:১২
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১:১২

9666523 5

সিলেটে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর সিদ্ধান্তের অপেক্ষা

ডেস্ক নিউজ

মে দিবসের দিন সিটি নির্বাচন নিয়ে মুখ খুলেছিলেন সিলেটের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। ওইদিনই তিনি জানিয়েছিলেন; সিদ্ধান্ত জানাবেন ২০শে মে। এই ২০দিন আরিফ সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন। নানা জনের মতামত নিয়েছেন। দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন তার মতামত দেয়ার পালা। এই মতামত মেয়র শনিবার সিলেটের রেজিস্ট্রারী মাঠে নগরের মানুষ ও দলের নেতাকর্মীদের সামনেই জানাতে চান। তবে প্রশ্ন হলো- মেয়র আরিফ কী সিদ্ধান্ত জানাবেন। এখনো এ ব্যাপারে তিনি মুখ খুলছেন না। আকার-ইঙ্গিতের ভাষা দু’টোই।

নির্বাচন করতে পারেন, আবার না-ও করতে পারেন। মেয়র আরিফ সরে গেলে লড়াই করার মতো অন্য কোনো প্রার্থীর উপস্থিতি সিলেটে নেই। সেটিও এখন ভাবাচ্ছে তাকে। বিকল্প প্রার্থী থাকলে তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হতো বলে জানিয়েছেন তার ঘনিষ্টজনরা।
দলীয় সিদ্বান্ত তার জন্য গলার কাঁটা। সিলেট বিএনপিতে তার বিরোধীরাও দলের সিদ্বান্ত বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে। তাদের কর্মকাণ্ড কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে মেয়র আরিফকে। তবে যে সিদ্ধান্তই নেবেন তার সমর্থিত বিএনপি’র অংশের নেতারা মাঠে থাকবেন। আরিফকে ফেলে তারা যাবেন না- এমন কথা তারা জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে যখন মেয়র আরিফের বাসার অফিসে নিরাপত্তার থাকা আনসার সদস্যদের সরিয়ে নেয়া হয় তখনও তার ঘনিষ্ঠজন বিএনপি নেতারা ছুটে গিয়েছিলেন। মধ্যরাত পর্যন্ত তারা আরিফের বাসায় অবস্থান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। মেয়র আরিফ’র ঘনিষ্ঠজনরা জানিয়েছেন- চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পৌঁছেননি আরিফ। সেটি হয়তো রেজিস্ট্রারী মাঠে বসেই নিতে পারেন। কারণ রেজিস্ট্রারী মাঠের মতবিনিময় সভাটি হবে তার জন্য টার্নিং পয়েন্ট। ওখানে তিনি নির্বিঘ্নে মতবিনিময় সভা করতে পারবেন কী না- এ নিয়ে দ্বিাধাদ্বন্দ্বে রয়েছেন তারা। এবার হাওয়া অনেকটাই উল্টো।

পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন আরিফ। আর এই বাধা তাকে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। সর্বশেষ তার নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের সরিয়ে নেয়াকে ভালো চোখে দেখছেন না তারা। আরিফ নিজেও ভোট নিয়ে নানা শঙ্কায় রয়েছেন। এরই মধ্যে গণমাধ্যমের কাছে ভোটের পরিবেশ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। কিছু প্রশ্নের উত্তর পাচ্ছেন না তিনি। তবে পরিস্থিতি বলছে; হাওয়া প্রতিকূলেই থাকবে। ইভিএম-এ ভোট। ইভিএম নিয়ে শুরু থেকেই প্রতিবাদী আরিফ। এ ভোট ব্যবস্থায় আস্থার সংকট আছে তার। ইভিএম-এ ভোট ধীর গতিতে হলে কিছুই করার থাকবে না। অনেক ভোটার লাইনে দাঁড়ালে ভোট বিলম্বে চলে যেতে পারেন। আরিফ জানিয়েছেন- এক লাখের মতো ভোটারের ফিঙ্গার ম্যাচিং হবে না। সুতরাং তারা ভোট দিতে পারবেন না। ইভিএম বিশেষজ্ঞ দু’কর্মকর্তাকে সিলেট আনা হচ্ছে। সুতরাং কার ভোট কোথায় যাবে- কেউ জানবে না।

সিলেটের মানুষ ইভিএমে ভোট দিতে অভ্যস্থ নয় বলে জানিয়েছেন আরিফ। অনেকেই ইভিএম ভোটের পদ্ধতি জানেন না। ৬ মাস আগে থেকে এ ব্যাপারে ট্রেনিংয়ের ব্যবস্থা করলে ভালো হতো। এখন তো ট্রেনিংয়ের সময়ও নেই। পরিবেশ নিয়েও শঙ্কায় আরিফ। বুধবার নগর ভবনে সংবাদ সম্মেলনে আরিফ জানিয়েছেন- একটি মামলায় সিলেটে প্রায় ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বহু নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে। এতে অনেক নেতাকর্মী বাড়িঘরে থাকতে পারেননি।

এ ধরনের পরিস্থিতি ঘটতে থাকলে নির্বাচনের সুষ্টু পরিবেশ থাকবে না। মাঠ নিরপেক্ষ না হলে কিছু করার থাকবে না বলে আশঙ্কা মেয়র আরিফের। মেয়র আরিফের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সিলেটের বিএনপি দলীয় কাউন্সিলররাও। গতকাল সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তার এই সংবাদ সম্মেলনে অন্যরাও দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন। তাদের সিদ্ধান্ত নির্ভর করছে মেয়র আরিফের সিদ্বান্তের উপর। বিএনপি দলীয় কাউন্সিলরদের মতে- সিলেটে জনগণের সঙ্গে বিএনপি’র সম্পৃক্ততা রয়েছে। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের কারণে এই জনসম্পৃক্ততা বাড়ছে। এতে করে সিলেটেও দলের অবস্থান সুসংহত। দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকা বিএনপি নেতা মাঠ থেকে সরে গেলে এই জনস্পৃক্ততা হারাতে পারে। এতে করে সিলেটে বিএনপি’র অবস্থান আরও দুর্বল হতে পারে বলে জানান তারা।সূত্রঃ মানবজমিন


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com