• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কংগ্রেসম্যানদের সঙ্গে সুশীল সমাজ প্রতিনিধিদের যে কথা হলো

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১০:৩৪
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১০:৩৪

 

নিউজ ডেস্ক

মার্কিন দুই কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাককর্মিক বাংলাদেশ সয়রে এসে রাজনৈতিক অবস্থা এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে জানার চেষ্টা করেছেন। এ ধারাবাহিকতায় রবিবার (১৩ আগস্ট) বিকেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক করেন।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন আয়োজন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বৈঠকে জানার চেষ্টা করেন তারা। মার্কিন রাষ্ট্রদূতের বাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সময় আলোকচিত্র শিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলম বলেন, ‘ঘরোয়া আলাপ ছিল। আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ব্যক্তিগত জায়গা থেকে অনেকে কথা বলেছেন। বাংলাদেশের মানুষ নির্যাতিত, সুষ্ঠু নির্বাচন হয়নি সেসব কথা উঠেছে। আমাকে যে আইনে গ্রেফতার করা হয়েছিল তা নিয়ে এখনো আমি ভুগছি, আলোচনায় এসব কথা উঠে আসে।’

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আর্টিকেল ১৯ এর আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল বলেন, গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে কী করা দরকার সেসব বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা জিজ্ঞাসা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছিল কি না। আমরা বলেছি বাংলাদেশে আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে কি না, সেটা রাজনৈতিক দল বলতে পারবে বলে জানিয়েছি।’

তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কেমন হবে তা নির্ধারিত হবে। আমাদের নির্বাচন কেমন হবে ইউরোপ-আমেরিকা ঠিক করতে পারবে না। আমাদের রাজনৈতিক সংকট আমাদের সংলাপের মাধ্যমেই ঠিক করতে হবে।’

এদিকে বৈঠকে রাজনৈতিক সংকট নিরসনে মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিতের কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই ছিল, তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমার বক্তব্য সবসময় একই- মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এইসব সাক্ষাতে রাজনৈতিক আলাপ মুখ্য না। নানা বিষয়েই আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এ তিন জন ছাড়াও বৈঠকে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মাইগ্রেশন রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান ড. খন্দকার মোরশেদা ফারহানা, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান ও পরিবেশকর্মী ড. সৈয়দা রিজওয়ানা হাসান, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও শ্রমিক নেত্রী কল্পনা আখতার, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী পরিবেশ কর্মী শিরিন হক ও তার ছেলে বারিশ চৌধুরী অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম