• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:২৩
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:২৩

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

চীনের শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিটের বৈঠক শেষে যৌথ শান্তি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঘোষণায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিন নেতা বলেছেন, এ ধরনের যুদ্ধে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সুযোগ নেই। তাই পারমাণবিক যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার রোধে আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছে।

ঘোষণায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছেন তিন নেতা। পাশাপাশি জাতিসংঘের সংস্কার, রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারের অপব্যবহার রোধের বিষয়গুলোও এতে স্থান পেয়েছে।

বৈঠকটিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, ‘সেই অর্থে এবং আরও নানাভাবে আমরা সত্যিই ইতিহাস গড়ছি।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আঞ্চলিক বিভিন্ন সংকট, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সমাধানে তিন দেশের স্বার্থের মধ্যে মিল রয়েছে। ইরান ও ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় সৃষ্ট প্রভাব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বৈঠকের শুরুতেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আনেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সামনে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসে কাজ করার বিশেষ সুযোগ রয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় একটি প্রস্তাবনা ও চারটি অনুচ্ছেদ রয়েছে। এতে জাতিসংঘের সংস্কার, মানুষের কল্যাণে পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতসহ এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানকে নিজ নিজ এখতিয়ার অতিক্রম এবং ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের আগস্টের পর এই প্রথম মুখোমুখি হন দুই নেতা। বৈঠকের শুরুতে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে রুশ প্রেসিডেন্ট ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা করে ভালো লাগছে।’

পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একান্ত বৈঠক করেন ট্রাম্প। বিমানবন্দরে শি জিনপিংয়ের উষ্ণ অভ্যর্থনা প্রসঙ্গে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁদের সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ওপর প্রতিষ্ঠিত।

এদিকে বুধবার পুতিনের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। বৃহস্পতিবার তিনি চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তবে শেনঝেনে শি জিনপিংয়ের সঙ্গে তাঁর কোনো একান্ত বৈঠক হয়নি।

মতপার্থক্য থাকলেও অ্যাপেক সম্মেলনের আনুষ্ঠানিক ফটো সেশনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নেন। এ সময় তাঁদের সবার পরনে ছিল সম্মেলনের বিশেষ স্কার্ফ।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম