রাঙামাটি প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি বলে মন্তব্য করেছেন ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনই সব ধর্মের মূল লক্ষ্য। বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সব ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠন। আমরা সবাই মিলে, যে যে ধর্মের অনুসারীই হই না কেন, চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ হিসেবে গড়ে ওঠে এবং পুরো দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারি।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙামাটির রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
স্বৈরাচার ঠেকাতেই তারেক রহমানের ৩১ দফা: মীর হেলাল
স্বৈরাচার ঠেকাতেই তারেক রহমানের ৩১ দফা: মীর হেলাল
মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত পুণ্যার্থী ও ভিক্ষুসংঘকে মৈত্রীময় শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাজবন বিহারে নির্মাণাধীন ‘বিশ্বশান্তি প্যাগোড়া’র নির্মাণকাজে সরকারের পক্ষ থেকে অংশীদারত্বের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান রাষ্ট্রপতির পক্ষে ভিক্ষুসংঘকে চীবর দান করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে রাজবন বিহারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুগণ, আয়োজক কমিটির নেতারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটি জেলা পরিষদে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।













