• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য: হেলাল খান

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৩৮
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৩৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিদ্যমান চুক্তি অনুযায়ী ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে বাধ্য বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একই সঙ্গে নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে জাসাস।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে হেলাল খান বলেন, ‘জুলাই আন্দোলনে আমরা যেভাবে আপামর জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজ আবারও আমরা একত্রিত হয়েছি। ভারতের সঙ্গে থাকা চুক্তি অনুযায়ী ভারত তাকে ফিরিয়ে দিতে বাধ্য। ইনশাআল্লাহ, বাংলাদেশের মাটিতেই শেখ হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে। আমরা আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

বিগত সরকারের সমালোচনা করে জাসাসের আহ্বায়ক বলেন, ‘হাসিনা এবং তার দলের লোকজন মনে করছে, রক্তের দাগ শুকিয়ে গেছে। কিন্তু রক্তের দাগ এখনো শুকায়নি, মাত্র দুই-আড়াই বছর হয়েছে। বাংলাদেশের মানুষ এখনো ভোলেনি, গত ১৬-১৭ বছর তারা কত নির্যাতিত ও অবহেলিত ছিল এবং কত হাজার মানুষ শহীদ হয়েছেন। এ দেশের মানুষ শেখ হাসিনার এই অত্যাচার আর মেনে নেবে না।’

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে হেলাল খান বলেন, ‘আমাদের নেতা ও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী চেয়েছিলেন, সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে। তিনি নির্দেশনা দিয়েছিলেন যে তিনি এখন সমগ্র বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রধানমন্ত্রী, তাই সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে। কিন্তু গতকাল তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন—যথেষ্ট হয়েছে, আর নয়। এখন আমাদের আরেকজন ভাইয়ের গায়ে হাত তোলা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।’

সমাবেশ চলাকালে মুঠোফোনে যুক্ত হয়ে নিহত সোহেল মোল্লার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চান এবং তাঁর স্বামীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাবসহ জাসাসের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম