শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের জবাবদিহি চেয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব দাবি জানান বিরোধী দলের দুই নেতা। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনে প্রথমে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার গত সাত মাস ধরেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সংবিধান সংশোধন কিংবা রাজনৈতিক ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগও দেখা যাচ্ছে না। এর ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এসব ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এবং সরকারের জবাবদিহি দাবি করেন তিনি।
পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নাশকতার ঘটনা অত্যন্ত উদ্বেগ ও বেদনার সঙ্গে পর্যবেক্ষণ করছেন তারা।
তিনি আরও বলেন, আর্মি গলফ ক্লাবে ককটেল বিস্ফোরণ ঘটেছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের ফটকেও হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। মঙ্গলবারও সেখানে দুজন আহত হয়েছেন।
নাশকতার বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাসী দমনে গিয়ে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। এতগুলো ঘটনা ঘটছে, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? তারা কাউকে গ্রেফতার করতে পারছে না। তিন-চারজনকে জনগণ ধরে পুলিশে দিয়েছে, কিন্তু বাহিনীর নিজস্ব কোনো উদ্যোগ নেই। বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন—সবাই থাকার পরও কেন এই অবস্থা?
ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা বলেন, কাগজে-কলমে নিষিদ্ধ করে লাভ কী, যদি তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করে? আমরা নিষিদ্ধ চেয়েছিলাম যাতে তারা এ ধরনের কাজ করতে না পারে। সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলোও সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
এসময় ডা. শফিকুর রহমান একটি গুরুতর অভিযোগ তুলে বলেন, একটি গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে দল ছাড়ার কথা বলা হয়েছে। এটা ভুয়া হতে পারে, আবার সত্যও হতে পারে। আমি নম্বরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেব, তারা যেন তদন্ত করে দেখে এই সাহস কে পেল। আমরা কি আবার সেই পুরোনো গোয়েন্দা যুগে ফিরে যাচ্ছি?
সবশেষে তিনি জাতির নিরাপত্তা নিশ্চিত করতে, পতিত ফ্যাসিস্টদের রুখে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন।












