শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহানগর উত্তরের পক্ষ থেকে অতিরিক্ত ৬০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশকে ঘিরে মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও পালন করা হবে। এ ছাড়া রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। মার্চ মাসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সেলিম উদ্দিন বলেন, রাজধানীসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার যেন কোনো ব্যবধান না থাকে, সে বিষয়ে বিএনপি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি সহিংসতা ও নাশকতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ এবং মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন আরও জানান, নাগরিকদের ঘরে বসে কয়েক ডজন সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াত একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে। এ বিষয়ে শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।












