• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পালিয়ে গিয়েও অনুচরদের দিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৪৬
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৪৬

পালিয়ে গিয়েও অনুচরদের দিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে আওয়ামী লীগ রিজভী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশ ছেড়ে পালিয়েও আওয়ামী লীগ দেশে থাকা অনুচরদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুরে নিহত বিএনপির দুই নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, তেমনি এই হত্যাকাণ্ডের বিচারের অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও ফাইয়াজের মতো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েও তারা থামেনি। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার পরও সেখান থেকে দেশের অভ্যন্তরে থাকা অনুচরদের দিয়ে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

নিহত দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আবেগাপ্লুত কণ্ঠে রিজভী বলেন, ‘এই লাশ আমরা কোথায় রাখব? তাঁদের মায়ের কাছে কী জবাব দেব? তাঁদের স্ত্রীর কাছে কী জবাব দেব? সোহেল রানা ও শাহীনুর রহমান গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অংশ নিয়েছেন। তাই তাঁদের মর্যাদা শহীদের মর্যাদা।’ এ সময় তিনি নিহত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যেখানে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রী স্বামীহারা হবেন না কিংবা কোনো বোন ভাইহারা হবেন না।

কবর জিয়ারত ও সংক্ষিপ্ত বক্তব্যের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম