• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:৫৮
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:৫৮

 

এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার বঙ্গোপসাগরে চতুর্থ ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর পরদিন ৩০ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর ইন্ডিয়া ডটকম।

পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। মালদ্বীপের প্রস্তাবিত এই নামটি উপকূলীয় একধরনের গাছ ‘সি ট্রাম্পেট’-এর সঙ্গে সম্পর্কিত।

আবহাওয়াবিদদের ধারণা, ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতিপথ পরিবর্তন করলে ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে ওড়িশার ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি। এসব দুর্যোগে ১৫৬ জন মানুষ এবং ৫৫ লাখ ৬৩ হাজার গবাদিপশু ও পাখির মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় রাজ্যটিতে ৮৮০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। চালু করা হয়েছে সতর্কবার্তা দেওয়ার অ্যাপ ও বিভিন্ন সতর্কীকরণ ব্যবস্থা। দুর্যোগে প্রাণহানির ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ ৪ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ রুপি করা হয়েছে। তবে ত্রাণের জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় সহায়তার মাত্র ৩০ শতাংশের মতো পেয়েছে রাজ্যটি।

ঘূর্ণিঝড় তিতলি, ফণী, বুলবুল, আম্পান, ইয়াস ও ডানা এবং চলতি বছরের ঘূর্ণিঝড় অর্ণব, মুরুসু ও আকভান উপকূলীয় জেলা ও কৃষিতে ক্ষয়ক্ষতি করেছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ১০ দিন মাছ ধরা বন্ধ থাকার পর সাগরে ফিরেছেন ভারতের তামিলনাড়ুর তুতিকোরিনের দুই শতাধিক যান্ত্রিক নৌকার জেলে। তবে বর্ষা মৌসুমে মাছ ধরার কাজ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া জেলেরা রাজ্য সরকারের কাছে অতিরিক্ত ৫ হাজার রুপি সহায়তা দাবি করেছেন।

ভারতের আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগরে প্রবল বাতাসের সতর্কতা জারি করলে তুতিকোরিন জেলা মৎস্য দপ্তর ১৩ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের সাগরে যেতে নিষেধ করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২০ নভেম্বর থেকে ছোট নৌকা ও ফাইবারের নৌকায় মাছ ধরতে যান জেলেরা।

তবে যান্ত্রিক নৌকার জেলেরা ১০ দিন অপেক্ষার পর সোমবার ভোরে তুতিকোরিনের যান্ত্রিক নৌকা মৎস্যবন্দর থেকে সাগরে যাত্রা শুরু করেন। দীর্ঘ বিরতির পর মাছ ধরতে যাওয়ায় এবার ভালো মাছ পাওয়ার আশাও করছেন তারা।

জেলেরা জানান, প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকে। এ সময় ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার কারণে নিয়মিত মাছ ধরতে পারেন না তারা। শুধু নভেম্বর মাসেই এবার ১৭ দিন সাগরে যেতে পারেননি জেলেরা। এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেদের দাবি, মে মাসে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় এবং মাছ ধরার মৌসুমের মন্দা সময়ে সরকার যে আর্থিক সহায়তা দেয়, তা বাড়াতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমের তিন মাসের আর্থিক সংকট সামাল দিতে প্রত্যেক জেলেকে অতিরিক্ত ৫ হাজার রুপি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম