শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রায় আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সিলেট ভ্যালি সভাপতি নির্বাচিত হয়েছেন জয় মাহাত্ম্য কুর্মি।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টায় নির্বাচনের ফল ঘোষণা করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট।
সিলেট ভ্যালিতে জয় মাহাত্ম্য কুর্মি ৩ হাজার ৭১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ জিতেন সরব পেয়েছেন ১ হাজার ৮৭৫ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী ও অর্থ সম্পাদক সনত গোয়ালা।
শনিবার সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে সিলেটের ২৬টি চা বাগানেও ভোটগ্রহণ হয়।













