• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা বরদাশত করা হবে না: ডিএমপি

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১১:০১
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১১:০১

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, সোমবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে। ওই সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোর করে প্রবেশের চেষ্টা করছিল। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। এসময় তারা মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এ ধরনের কোনও বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোনও ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম