• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

নিজেদের জমিতে ঘর নেই, দৃষ্টিহীন দম্পতির পাশে জেলা প্রশাসক

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২৭
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২৭

নিজেদের জমিতে ঘর নেই, দৃষ্টিহীন দম্পতির পাশে জেলা প্রশাসক
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

দুজনের কারও চোখে আলো নেই। জীবনের কঠিন বাস্তবতায় জীবিকা চলে ভিক্ষাবৃত্তি করে। নিজেদের নামে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে গড়ে ওঠেনি মাথা গোঁজার ঠাঁই। এমন অসহায় অবস্থায় নিরাপদ একটি ঘরের স্বপ্ন দেখছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পাল। তাঁদের সেই স্বপ্ন পূরণে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক। ঘর নির্মাণের জন্য দম্পতিকে দিয়েছেন এক লাখ টাকা আর্থিক সহায়তা। পাশাপাশি জমির বিরোধ নিষ্পত্তিরও উদ্যোগ নিয়েছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে দম্পতির হাতে এই সহায়তার অর্থ তুলে দেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় জেলা প্রশাসক বলেন, নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তার মাধ্যমে তাঁদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করি। একই সঙ্গে জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরা যেন নিজেদের জমিতে নিরাপদ আশ্রয় গড়ে তুলে স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপদভঞ্জন পাল ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। তাঁর স্ত্রী মায়া রানী পাল জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। দুজনেরই দৃষ্টিশক্তি না থাকায় প্রতিদিনের জীবনযাপন তাঁদের জন্য কঠিন। নানা প্রতিকূলতার মধ্যেও কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছেন তাঁরা।

দম্পতির একমাত্র ছেলে সদানন্দ পাল একটি রাইস মিলে শ্রমিকের কাজ করেন। তাঁর সীমিত আয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। ফলে বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও জীবিকার প্রয়োজনে বিপদভঞ্জন ও মায়া রানীকে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হচ্ছে।

এর আগে প্রায় তিন মাস আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দুই বান্ডিল টিন ও ১৬ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে ঘর নির্মাণের কাজ শেষ করতে পারেননি তাঁরা। অন্যদিকে, ওয়ারিশ সূত্রে পাওয়া তিন শতাংশ জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে ঘর নির্মাণ সম্ভব হচ্ছিল না।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মাধ্যমে জমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি করে দম্পতির নামে নামজারির ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে মিসকেস রুজু করা হয়েছে।

জেলা প্রশাসনের আর্থিক সহায়তা এবং জমির বিরোধ নিষ্পত্তির উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন বিপদভঞ্জন ও মায়া রানী। তাঁদের প্রত্যাশা, এবার নিজেদের জমিতেই তৈরি হবে একটি ছোট্ট ঘর। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে অন্তত শেষ দিনগুলোতে যেন অন্যের কাছে হাত না পেতে নিরাপদ একটি ছাদের নিচে থাকতে পারেন, সেই স্বপ্নই দেখছেন এই দৃষ্টিহীন দম্পতি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম