শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, যাওয়ার সময় যেমন তাঁর ভিসা লাগেনি, আসার সময়ও কোনো ভিসা লাগবে না। তবে দেশে ফিরলে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে না; বরং জেলখানায় যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ কর্মসূচির আয়োজন করে।
বক্তব্যে শেখ হাসিনাকে উদ্দেশ করে আব্দুস সালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের মানুষের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা চলছে যে শেখ হাসিনা দেশে আসবেন। আরে ভাই, আমরাও তো চাই আপনি দেশে আসেন। বাধাটা কোথায়? আপনি বর্ডারে চলে আসেন। বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী আপনাকে খুব যত্ন করে জেলখানায় ঢুকিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমরাই তো চাই আপনি আসেন। আমরা ভারতকেও অনুরোধ করছি তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে এবং অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে।
তিনি বলেন, আপনি আবার কীভাবে সম্মানের সঙ্গে আসবেন, সেই আশা করেন? একটু লজ্জা রাখেন, জনগণের কাছে মাফ চান। উকিল ধরে কোনো লাভ নেই। যদি আইনে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তবে দেশবাসীর কাছে মাফ চান এবং আইনের মুখোমুখি হন।
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমালোচনা করে আব্দুস সালাম বলেন, অন্ধকারে বসে কর্মসূচি না দিয়ে সাহস থাকলে দেশের ভেতরে এসে কর্মসূচি দিন, দেখব জনগণ গ্রহণ করে কি না। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন কর্মসূচি কোথাও পালিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার কারও দয়ায় বা বিদেশের মদদে আসেনি; দেশের জনগণ ভোটের মাধ্যমে এই সরকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তাই দেশের মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা এই সরকারের দায়িত্ব। পুলিশ ও প্রশাসনকে আরও কঠোর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
পাশাপাশি বিভিন্ন প্রচারমাধ্যমে যারা এখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন বা নিষিদ্ধ ও আন্ডারগ্রাউন্ড দলের পক্ষে সাফাই গাইছেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান আব্দুস সালাম।
সমাবেশ থেকে আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি পালনের কথা স্মরণ করিয়ে দেন আব্দুস সালাম। এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে একটি মিছিল বের করা হবে বলেও তিনি জানান।
জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ সোহরাবসহ জাসাসের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।












