শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘ দেড় যুগের বেশির সময় পর খুলে দেয়া হচ্ছে সিলেটের পাথর কোয়ারি। ম্যানুয়ালি পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি দিতে সরকারের তরফ থেকে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে সরকারের তরফ থেকে প্রক্রিয়া চালানো হচ্ছে। কোয়ারি সমৃদ্ধ এলাকা সিলেট-৪ আসনের এমপি, শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী এ-ও জানিয়েছেন, সিলেটের জাফলং কোয়ারি ইসিএ ভুক্ত এলাকা হওয়ার কারণে কোনো লিজ দেয়া হবে না। এ ছাড়া, কোম্পানীগঞ্জের শারপিন টিলা এলাকাও লিজের বাইরে রাখা হবে। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় কোয়ারি সমৃদ্ধ এলাকার জনপ্রতিনিধিদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- শ্রমিকদের কথা বিবেচনা করে সিলেট অঞ্চলের পাথর ও বালু কোয়ারি ইজারা দেয়া হবে। এরপর আইনি জটিলতা না থাকায় একাধিক বালু কোয়ারি এবার ইজারা দেয়া হয়। বিএনপি সরকার গঠনের পর পাথর কোয়ারি খুলে দিতে প্রশাসনিক নানা প্রক্রিয়া শুরু করে।
এ নিয়ে মে মাসের শুরুতে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে একটি বৈঠক হয়। বৈঠকে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের সম্ভাব্যতা সহ নানা বিষয় পর্যালোচনা করতে সিলেটের বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য দফায় দফায় সিলেটের ভোলাগঞ্জ, উৎমাছড়া, বিছনাকান্দি, লোভাছড়া সহ কয়েকটি কোয়ারি এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিবেশ বিপর্যয় সংক্রান্ত বিষয়টিও পর্যবেক্ষণ করেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় দুই মাস পর সরকার গঠিত ওই কমিটির সদস্যরা তাদের রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টে সীমিত আকারে পাথর কোয়ারি খুলে দিতে সুপারিশ করা হয়েছে। ওই কমিটির রিপোর্টের আলোকে পরবর্তীতে সরকারের তরফ থেকে পাথর কোয়ারি সীমিত আকারে ম্যানুয়েল পদ্ধতিতে খুলে দিতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, দ্রুতই পাথর কোয়ারি ইজারা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে ইজারা দেয়া হলেও নির্ধারিত গণ্ডির ভেতরে নিয়ম মেনে পাথর উত্তোলন না করলে আইনি ব্যবস্থার বিষয়টি রাখা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সিলেটের সাদা পাথরের ভাটির এলাকায় ভোলাগঞ্জ কোয়ারি অবস্থিত। এটি হচ্ছে দেশের পাথরের অন্যতম ভাণ্ডার। দেড় দশক আগে ওই কোয়ারিটি লিজে ছিল।
তখন পাথরখেকোরা যান্ত্রিক দানব বোমা মেশিন দিয়ে ভোলাগঞ্জ কোয়ারি ছাড়াও আশপাশের এলাকায় নির্বিচারে পাথর উত্তোলন চালায়। এতে করে এলাকার পরিবেশ চরমভাবে বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণে উচ্চ আদালতে বেলার একটি রিটের প্রেক্ষিতে বিগত আওয়ামী লীগ সরকার আমলে আর ওই কোয়ারি লিজ দেয়া হয়নি। তবে সরকার লিজ না দিলেও পাথর উত্তোলন বন্ধ হয়নি। বিগত কয়েক বছর প্রশাসন, রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি মিলে অবাধে লুটপাট চালিয়েছেন কোয়ারিতে। সর্বশেষ গত বছরের আগস্টে সাদা পাথর এলাকায়ও লুটপাট চালায় পাথরখেকোরা। এ লুটপাটের ঘটনাটি গোটা দেশ জুড়ে আলোচিত হয়েছে। সিলেটের অন্যতম পাথর কোয়ারি জাফলং। পরিবেশ সংকটাপন্ন এলাকা ইসিএ হওয়ার কারণে সেটি ইজারার বাইরে রয়েছে। তবু জাফলংয়ে পাথর লুট বন্ধ হয়নি। অভ্যুত্থানের পর স্থানীয় নেতাদের শেল্টারে কোয়ারিতে পাথর লুট চলছে।
চলতি শুষ্ক মৌসুমে পুরোদমে চলছে পাথর লুট। জুম পাড় সহ গোটা এলাকায় যন্ত্রদানব বোমা মেশিন দিয়ে পাথর লুটের মহোৎসব চলছে। গত কয়েক মাসে জাফলং কোয়ারি থেকে প্রায় ৫০ কোটি টাকার পাথর লুট করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত দুই সপ্তাহ আগে গোয়াইনঘাট প্রশাসনের যৌথ অভিযানে পাথর লুটের সত্যতা পাওয়া গেলেও অদৃশ্য কারণে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত তিনদিন ধরে বোমা মেশিন, এক্সেভেটর দিয়ে বিশাল বিশাল গর্ত খুঁড়ে জাফলং লুট করা হচ্ছে। লোভাছড়া কোয়ারি আওয়ামী লীগ সরকারের শেষদিকে ইজারায় ছিল। মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর ইজারা দেয়া হয়নি। বর্তমানে নতুন করে এ কোয়ারিতে লুটপাট শুরু হয়েছে।













