আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে বছরব্যাপী নিবিড় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকাল সভাকক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।
‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের যৌথ আয়োজক ছিল মেরী স্টোপস বাংলাদেশ ও দৈনিক সমকাল।
বৈঠকে বিগত সময়ের নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্ত এবং বিকল্প দিকনির্দেশনা ছাড়াই সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছিল। এতে মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে।
বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, দায়িত্ব নেওয়ার পরই সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছে। এরই মধ্যে দেশের সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে।
স্বাস্থ্য খাতের জনবল ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে তাদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্য দেওয়া হবে, যাতে তারা আরও সুনির্দিষ্টভাবে সেবা ও নজরদারি চালাতে পারেন।
দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ ভিন্ন। বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। শুধু জাতীয় গড় হিসাব দিয়ে এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হবে।
এ সময় পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। দেশে শিশু স্বাস্থ্য ও হৃদরোগ ইনস্টিটিউট থাকলেও ১০ কোটি নারীর জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি একটি ‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ছাড়া জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক সংস্কার বা ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার। আলোচক হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাসের কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার এবং ইউএনএফপিএর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ এবং পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং প্রধান মঞ্জুন নাহার।












