মতলব (চাঁদপুর) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আঁতাত করলে এক ঘণ্টাও ওসি থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।
মঙ্গলবার (৬ অক্টোবর ) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনি অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। আর এই মাদক নির্মূলে আপনার ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুন ওসি ডেভিলদের সঙ্গে চা খাবেন এবং আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে আঁতাত করলে আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।’
এ সময় কৃষকদের মধ্যে চারটি প্রকল্পের মাধ্যমে ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, জাহাঙ্গীর হোসেন ও যুবদল নেতা বশির মোল্লা।












