• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বিচারপতি খায়রুল হকের শাস্তি সময়ের দাবি: ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১১:২২
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১১:২২

বিচারপতি খায়রুল হকের শাস্তি সময়ের দাবি: ব্যারিস্টার কায়সার কামাল

জনতার আওয়াজ ডেস্ক

শেখ হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাবেক বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্র, সংবিধান, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাত্তোর ইতিহাসে বিচারপতি খায়রুল হকের মতো জ্ঞানপাপী আর দ্বিতীয় কেউ নেই। দেশে তার মতো ক্ষতি আর কেউ করেনি। তাকে গ্রেপ্তার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। তার শাস্তি এখন সময়ের দাবি। শনিবার রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডে শহিদদের আত্মার শান্তিতে দোষীদের শাস্তি প্রদান নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনা সারা বিশ্বে ফ্যাসিস্ট রেজিমের মুখপাত্র। এদেশের মানুষ গণহত্যার বিচারের লক্ষ্যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চায়। আশা করি ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতা করবে। শেখ হাসিনাসহ বিগত স্বৈরশাসকের বিচার করা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা ক্ষুণ্ন হবে। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার সাথে বিএনপি একাত্মতা প্রকাশ করে সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছিলেন, তার মা কোন অন্যায় করেনি। বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। তার এই বক্তব্য অনুযায়ী ধরে নেয়া যেতে পারে ১৮ই নভেম্বরের মধ্যে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। আর তিনি যদি দেশে ফিরে না এসে বিচারের মুখোমুখি না হন তাহলে আমরা আশা করবো আদালত তথা সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাসহ পালিয়ে থাকা অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তা না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মা শান্তি পাবে না। তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষই মনে করেন শুধু জুলাই হত্যাকাণ্ডের শাস্তিই নয়, গত ১৫ বছরে যে ৬০ লক্ষ মানুষের নামে গায়েবি মামলা হয়েছে, ৪ হাজার বিচার বহির্ভূত হত্যা ঘটানো হয়েছে, ৭০০ এর বেশি মানুষ গুম হয়েছে, জেলে আটক বিনা চিকিৎসায় যারা মারা গিয়েছে, অগণিত মানুষ ফ্যাসিবাদের দ্বারা পঙ্গুত্ববরণ করেছে, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, আর্থিক খাতকে পঙ্গু বানিয়ে দিয়েছে, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, দেশের অর্থ পাচার করে ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করে আয়েশি জীবন যাপন করছে এসবেরও যথাযথ বিচার করতে হবে। এটি না করে শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার করলে শহিদদের আত্মা শান্তি পাবে না।

এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে ঢাকা সিটি কলেজের বিতার্কিকদের পরাজিত করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী মোনাওয়ার হুসাইন তামিম, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক বাবু কামরুজ্জামান, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মো. আব্দুল্লাহ আল রাফি। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com