• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকে মারধর

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৮:১০
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৮:১০

96333369

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকে মারধর

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তিন দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ। এর জেরে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে শহরে বিক্ষোভ, সড়ক অবরোধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং জেলা বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে এইচএম জাকিরকে আহ্বায়ক এবং সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়।

নতুন কমিটিতে ‘অছাত্র’, ‘চাকরিজীবী’ ও ‘বিতর্কিত’ ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ছাত্রদলের একাংশ এর বিরোধিতা করে। তারা কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কমিটি ঘোষণার পর শহরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য, পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরদিনও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত থাকে।

সেই উত্তপ্ত পরিস্থিতির ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শরীয়তপুর সরকারি কলেজের সামনে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের চৌরঙ্গীর মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন আটকে পড়ে, দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয় এবং কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। ওই সময় সড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরীয়তপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমীন মুন্সি। তার সঙ্গে ছিলেন স্ত্রী অ্যাডভোকেট মনিরা আক্তার। অভিযোগ উঠেছে, আন্দোলনরত ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। একপর্যায়ে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা রুহুল আমীন মুন্সিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

রুহুল আমীনের স্ত্রী অ্যাডভোকেট মনিরা আক্তার বলেন, আমরা বাড়ি ফিরছিলাম। কলেজের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আমাদের পথরোধ করে স্বামীকে মারধর করে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আমরা হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে যারা মাঠে থেকেছেন, মামলায় জর্জরিত থেকেও দলের জন্য লড়েছেন, তাদের উপেক্ষা করে একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে নবনিযুক্ত সদস্যসচিব সোহেল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম ছিল স্থবির। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি দেওয়া হয়েছে। যারা কাঙ্ক্ষিত পদ পাননি, তারা আবেগের বশে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। যারা রাস্তায় নেমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ান এবং আমাদের সাবেক সভাপতির ওপর হামলা করেন, তারা ছাত্রদলের কেউ নয় তারা সন্ত্রাসী। প্রশাসনের কাছে দাবি জানাই, এসব হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান বলেন, আমাদের জেলা বিএনপির প্রচার সম্পাদকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং দোষী যারাই হোক তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জেলা বিএনপি’র পক্ষ থেকে এই ঘটনা খতিয়ে দেখছি এই হামলাকারী কারা।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বিক্ষোভকারীদের বোঝানো হয়েছিল যেন জনদুর্ভোগ না বাড়ে। তারা পরে সড়ক ছেড়ে দেন। বিএনপি নেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে তার স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com