শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ছিনতাইকারীদের হামলায় আহত খুলনায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তারা হাসপাতালে গিয়ে আহত পুলিশ কর্মকর্তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বর্তমানে বিশেষ অভিযান চলছে। খুলনায় দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পুলিশের এক সদস্য ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের রগ কেটে গেছে।
আইজিপি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।












