শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘ আট বছর পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা শ্রমিকরা। আগামীকাল শনিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বিসিএসইউ) নির্বাচনে সরাসরি গোপন ব্যালটে ভোট দেবেন তারা। নির্বাচন ঘিরে হেমন্তের হালকা কুয়াশা আর শীতের আমেজের মধ্যেই সরগরম হয়ে উঠেছে মৌলভীবাজারের চা বাগানগুলো। বাগান, কারখানা থেকে শ্রমিক লাইন–সবখানেই এখন নির্বাচনি প্রচার। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জানা গেছে, ২০০৮ সালের আগে গোপন ব্যালটে বিসিএসইউর নির্বাচন হয়নি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনবার গোপন ব্যালটে ভোট দেন চা শ্রমিকরা। ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। তবে ২০১৮ সালের পর আর নির্বাচন হয়নি। ২০২৩ সালেও নির্বাচন আয়োজনের চেষ্টা ব্যর্থ হয়। ফলে দীর্ঘ আট বছর পর এবার ভোটের আয়োজন করা হয়েছে।
নির্বাচন কমিশন ও শ্রম অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। মৌলভীবাজারের সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
বেতন না বাড়ালে আন্দোলনের হুমকি চা-শ্রমিক সংগঠনের
সম্প্রতি জেলার বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায়, শ্রমিক লাইনগুলোতে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। চায়ের দোকানগুলোতেও চলছে প্রার্থী ও ভোটের হিসাবনিকাশ। কে কেমন, কার পক্ষে কতটা সমর্থন–এসব আলোচনা এখন
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের প্রত্যাশা শ্রমিকবান্ধব নেতৃত্ব। এমন নেতৃত্ব চান, যারা শ্রমিকদের দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করবেন। সরকার ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখবেন। নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশার তালিকাও দীর্ঘ। মজুরি বৃদ্ধির পাশাপাশি আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে কাজ করার দাবি জানিয়েছেন তারা।
রাজনগর চা বাগানের ভোটার শ্যামলী তাঁতি বলেন, ‘আমরা এমন মানুষকে ভোট দিতে চাই, যারা নির্বাচিত হয়ে শুধু পদে বসে থাকবেন না, শ্রমিকদের অধিকার আদায়ের মাঠে থাকবেন।’
করিমপুর চা বাগানের শ্রমিক সীতারাম বলেন, ‘আমাদের মজুরি, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য যারা কথা বলবেন, আমরা তাদেরই বেছে নিতে চাই।’
এদিকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিচ্ছেন।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী পরেশ কালিন্দি বলেন, ‘শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়নে কাজ করতে চাই। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।’ একই পদে আরেক প্রার্থী মুকেশ কর্মকার বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করতে চাই।’
কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী রাজু গোয়ালা বলেন, ‘শ্রমিক ভাইয়েরা জানেন, আমি সব আন্দোলনে ছিলাম। শ্রমিকদের কোনো সমস্যার কথা শুনলে আমি ঘরে বসে থাকতে পারি না। চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকায় নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।’
অপর সভাপতি পদপ্রার্থী পংকজ কন্দ বলেন, ‘আমি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’
শ্রম অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন বলেন, ‘এই নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দেবেন। এর মধ্যে একটি প্যানেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, একটি নিজ নিজ ভ্যালির নেতৃত্বের জন্য এবং অন্যটি সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটির জন্য।’













