শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে কিশোরগঞ্জ-৩ সংসদীয় নির্বাচনী এলাকা। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। কিন্তু তিনি গত ১৪ই নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১০ই জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৬ই ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।
এই উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র থেকে বিগত সংসদ নির্বাচনে দলটির প্রার্থী কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খানকে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে সরকারি দল বিএনপি এখনো তাদের প্রার্থী ঘোষণা দেয়নি। ড. এম ওসমান ফারুকের পদত্যাগ পাল্টে গেছে জেলার গুরুত্বপূর্ণ এই আসনটির সব হিসাবনিকাশ। এ পরিস্থিতিতে দলীয় মনোনয়ন পাওয়াকেই এমপি হওয়ার চাবিকাঠি মনে করছেন বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা। আর এই সমীকরণকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে বিএনপি’র অন্তত পাঁচজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ পেতে লবিং ছাড়াও মাঠপর্যায়ে গণসংযোগ ও নানা উপলক্ষকে কেন্দ্র করে নির্বাচনমুখী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নামে প্রার্থিতার জানান দেয়ার পাশাপাশি শোডাউন করছেন মনোনয়নপ্রত্যাশী নেতারা। একইসঙ্গে দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদের মাত্রাও দৃশ্যমান হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপ্রত্যাশী নেতাদের সমর্থক নেতাকর্মীরা নিজেদের প্রার্থীর পক্ষে সরব প্রচারণা চালাচ্ছেন। বিএনপি’র পাঁচ মনোনয়নপ্রত্যাশী হলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. এরশাদ আহসান সোহেল, জেলা বিএনপি’র সাবেক যুববিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন এবং তাড়াইল উপজেলা বিএনপি’র সভাপতি সারোয়ার হোসেন লিটন। তাদের মধ্যে জাহাঙ্গীর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনেই তিনি দলীয় মনোনয়নের অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু এ আসনে দলের অটো চয়েস ছিলেন ড. এম ওসমান ফারুক এবং তাকেই মনোনয়ন দেয়া হয়েছিল। ফলে এবারের উপনির্বাচনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে পুনরায় আলোচনায় উঠে এসেছেন জাহাঙ্গীর। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউসকে মনোনয়ন দিয়েছিলো।
তখন বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন। কিন্তু শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ণ হন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী শিক্ষাবিদ ও কৃষিবিদ ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। ফলে এডভোকেট জালাল মোহাম্মদ গাউস ও ভিপি সাইফুল ইসলাম সুমন এই দুজনইকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়। বিগত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য উভয়েই দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ড. এম ওসমান ফারুককে দলীয় প্রার্থী করার পর তার পক্ষে নির্বাচনে এডভোকেট জালাল মোহাম্মদ গাউস ও ভিপি সাইফুল ইসলাম সুমন দু’জনেই সরব ভূমিকা রেখেছেন। এবার উপনির্বাচনকে সামনে রেখে দু’জনেই দলীয় মনোনয়নের লড়াইয়ে নেমেছেন। ডা. মো. এরশাদ আহসান সোহেল একজন প্রখ্যাত চিকিৎসক ও রাজনৈতিক সংগঠক।
তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনের দুই উপজেলা করিমগঞ্জ ও তাড়াইলে জনসাধারণের কল্যাণমুখী বিভিন্ন কাজে নেতৃত্ব দিয়ে আসছেন। বিগত নির্বাচনেও তিনি বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে গত ২৪শে নভেম্বর তাড়াইলে এক শোডাউন করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি সারোয়ার। এই পাঁচ মনোনয়নপ্রত্যাশীকে নিয়েই মূলত হিসাবনিকাশ চলছে বিএনপিতে। শেষ পর্যন্ত কে পান বিএনপি’র মনোনয়ন-সেটিই এখন আগ্রহের মূলকেন্দ্রে।













