শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিএনপি গরিবের দল, কৃষকের দল বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গত ১৭ বছরে একদল চুরি করে খেয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল। এই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই।’
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ‘দুঃখ’ ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের জন্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় এলাকার কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা যাবে না। এ কারণে বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করা।’












