• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:৫৬
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:৫৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের করাচিতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি জিন্নাহর সমাধিসৌধ ‘মাজার-ই-কায়েদ’ পরিদর্শন করেন।

এ সময় স্পিকার ও প্রতিনিধিদলের সদস্যরা ফাতেহা পাঠ করেন এবং দর্শনার্থী বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা গেছে।

সমাধিসৌধের জাদুঘরও পরিদর্শন করেন স্পিকার। সেখানে জিন্নাহর জীবন, রাজনৈতিক আন্দোলন ও পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন তারা।

এর আগে একই দিন লাহোরে পাকিস্তানের জাতীয় কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতেও শ্রদ্ধা জানান স্পিকার। সেখানে ফুলের তোড়া ও চাদর অর্পণ, ফাতেহা পাঠ এবং দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখেন তিনি। এ ছাড়া লাহোরে মিনার-ই-পাকিস্তানও পরিদর্শন করেন।

করাচিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন করেন। সেখানে পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহর সঙ্গে বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, আইনসভাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রতিনিধিদলকে সিন্ধুর ঐতিহ্যবাহী টুপি ও আজরাক উপহার দেওয়া হয়। দুই স্পিকার স্মারকও বিনিময় করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।

সফর শেষে আজ রবিবার তাদের দেশে ফেরার কথা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম