• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

চা শ্রমিক ইউনিয়নের হাল ধরছেন রাজু ও মুকেশ

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৪:০৫
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৪:০৫

 

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। দেশের চা শ্রমিকদের অধিকার, দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠনটির কেন্দ্রীয় কমিটির হাল ধরছেন রাজু গোয়ালা ও মুকেশ কর্মকার।

রবিবার (২৯ নভেম্বর) রাত ৪টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের অতিরিক্ত সচিব নূরে আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ বিরতির পর এবার ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করলেন চা শ্রমিকেরা।

এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে নির্মল পাইনকা, সহসভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিংহ রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার ছিলেন।

সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মুকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি।

নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছেন শ্রমিকেরা। এই জয় সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা পূরণ ও ভাগ্য পরিবর্তনে তারা শক্ত ভূমিকা রাখবেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম