নিউজ ডেস্ক
রাজধানীর ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষ দলটির নেতাকর্মীর উসকানিতে হয়েছে বলে মন্তব্য করেছেন লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।
রাজধানীর নয়াবাজারে ঠিক বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও ধোলাইখাল মোড়ে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে অবস্থান নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের অধিকাংশের হাতে ছিল বাঁশ ও প্লাস্টিকের পাইপে বাঁধা জাতীয় পতাকা।
ধোলাইখাল মোড়ে রাস্তার ডান দিকে পঞ্চাশের মতো পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা পুলিশের একেবারে সামনে চলে এলে হেলমেট পরিহিত কয়েকজন অতর্কিত হামলা চালায় পুলিশ এবং বিএনপি নেতাকর্মীর উপর। এরপর শুরু হয় সংঘর্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছুড়ে পুলিশ। আহত হন বিএনপির নেতাকর্মীরা।
কিন্তু পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেছেন, পুলিশ শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিল। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে দেখে উসকানি দিতে থাকে। এর এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।












