নিউজ ডেস্ক
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পার্বত্য জেলা বান্দরবান। গত ২৪ ঘণ্টায় বান্দরবানে দেশের সর্বোচ্চ ২৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বান্দরবান সদর, রুমা, আলীকদমসহ জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় অচল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। প্রাণ বাঁচাতে অনেকে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন।
বান্দরবানের স্থানীয় বাসিন্দারা বলছেন, জেলার প্রধান দু’টি পাহাড়ি নদী সাঙ্গু ও মাতামুহুরির ন্যাব্যতা কমে যাওয়া এবং এই নদীর তীরবর্তী এলাকা ঘিরে গড়ে ওঠা প্রধান শহর, উপজেলা শহর এবং জনবসতিপূর্ণ গ্রামগুলো অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগের শিকার হতে হয়।
গত ২৪ ঘণ্টায় শুধু বান্দরবান নয়, দুইশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে আরো কয়েকটি জেলায়। নিকলিতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৩৫ মিলিমিটার, বগুড়ায় বৃষ্টিপাত হয়েছে ২১৩ মিলিমিটার এবং ভোলায় ২১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তবে আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৪ মিলিমিটার।












