• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৪
আপডেট: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৪

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড বন্ধ করার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুই ঘণ্টা ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশত শ্রমিক।

এতে ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশের সদস্যরা কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করে আগামী সোমবার বকেয়া পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সকাল ১০টার দিকে আন্দোলন স্থগিত করেন।

এর আগে ডিসেম্বর মাসের আংশিক ও জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন কারখানাটির শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে ‘বেআইনিভাবে শ্রমিক ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টির’ কারণ দেখিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ৷

বিজেএমইএ’র সাবেক সহসভাপতি এএইচ আসলাম সানির মালিকানাধীন কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ৭ হাজার শ্রমিক কর্মরত বলে জানিয়েছেন শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শাহাদাত বলেন, সকালে আসার পরে আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না৷ দেখি কারখানার সামনে পুলিশ দাঁড়িয়ে। মালিক আমাদের এখনো বেতন দেয়নি, কবে দিবে তাও বলেনি। আমরা বাঁচবো কীভাবে?

আরেক শ্রমিক নুরুন্নাহার বলেন, কিস্তিতে সুদে টাকা তুলে চলছি। মালিক পাওনা বেতনই দিচ্ছে না। আমরা তো কারও কাছে দয়া চাই না। আমাদের কাজের বিনিময়েও টাকা দিচ্ছে না৷

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশ-৪ এর নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার গণেশ গোপাল বিশ্বাস বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা৷ বকেয়া পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার দাবি তাদের। কারখানার মালিকের সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি আগামী সোমবার বেতন দেবেন বলে জানিয়েছেন। একথা শ্রমিকদের জানালে তারা আশ্বস্ত হয়ে বিক্ষোভ শেষ করেন।

এর আগে অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানা বন্ধের নোটিশে বলা হয়, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি কারখানায় কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ রেখে ‘বেআইনিভাবে ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে’ কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষ বারবার তাদেরকে স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করলেও তারা কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের এ ধরনের কর্মকান্ড বেআইনি ধর্মঘটের শামিল বিধায় উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩(১) ধারা’ অনুযায়ী কারখানার সকল শাখা/বিভাগ বন্ধ ঘোষণা করলো। কারখানার উৎপাদনের কর্মপরিবেশ স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকিবে এবং একই সঙ্গে জানানো যাইতেছে কর্মপরিবেশ স্বাভাবিক ও নিরাপদ হওয়া মাত্র পরবর্তী নোটিশের মাধ্যমে অতি দ্রুত কারখানা চালু করার তারিখ জানানো হবে।

গত বৃহস্পতিবার বিক্ষোভরত শ্রমিকরা অভিযোগ করেন, তাদের ন্যায্য দাবির আন্দোলনে বাধা দিয়ে বহিরাগত লোকজন কারখানার ভেতরে ঢোকে। পরে শ্রমিকদের রোষের মুখে তারা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধারের কথা জানান শ্রমিকরা। শ্রমিকদের দমন করতে এসব রাতেই কারখানার ভেতর ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের। পরে এই অস্ত্র ও লাঠিসোঁটা জব্দ করে থানায় নিয়ে যায় ফতুল্লা মডেল থানা পুলিশ।

গত বছরের ২৪ ডিসেম্বর ‘অর্ডার কমে যাওয়ার’ কথা জানিয়ে ক্রোনী গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান ‘ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড’ নামে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com