জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বরিশালে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য ও সেবা এখান থেকেই জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি তথ্য কমপ্লেক্সে আধুনিক মানের সিনেপ্লেক্সও থাকবে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের কাশিপুরে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উদ্দিন স্বপন বলেন, ‘সারাদেশের মতো বরিশালেও নির্মাণাধীন তথ্য কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার প্রচেষ্টা করা হবে। এখান থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন তথ্য ও সেবা পাবেন সাধারণ মানুষ।’
গণমাধ্যমকর্মীরা এই তথ্য কমপ্লেক্সের সবচেয়ে বেশি সুবিধা পাবেন উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হবে এবং তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, ‘অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তি ও তথ্যসেবার মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই কমপ্লেক্স কার্যকর ভূমিকা রাখবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান। তিনি জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাততলা আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে।
পরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপপ্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













