• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মৌলভীবাজারে কেয়ার ভিসা প্রতারণাঃ বিএনপি নেতা নাসির আহমেদ শাহিনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:১০
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:১০

IMG 3247

মৌলভীবাজারে কেয়ার ভিসা প্রতারণাঃ বিএনপি নেতা নাসির আহমেদ শাহিনের বিরুদ্ধে মামলা

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

মৌলভীবাজারে আন্তর্জাতিক দালাল চক্রের সদস্য হিসেবে পরিচিত নাসির আহমেদ শাহিনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সদর থানার আওতাধীন এবং এর নম্বর সি আর-২০৯/২০২৬ (সদর) বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, যুক্তরাজ্যে কেয়ার ভিসায় নেওয়ার প্রলোভন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২৬ লাখ টাকা নেন শাহিন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিদেশে পাঠানো হয়নি এবং নেওয়া অর্থও ফেরত দেওয়া হয়নি। একই ধরনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, শাহিন নিজেকে একটি জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন। পাশাপাশি তিনি দলের শীর্ষ নেতা তারেক রহমান-এর ঘনিষ্ঠ ব্যক্তি দাবি করে বহু মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

লন্ডনে এক অনুসন্ধানী সাংবাদিকের তদন্তে শাহিনের সঙ্গে ময়নুল ইসলাম সোহাগসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা সবাই প্রভাবশালী নেতাদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে নিজেদের শক্তিশালী অবস্থান দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখতে চাপ সৃষ্টি করতেন।

এছাড়া এই চক্রের আরেক সদস্য হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার এক যুক্তরাজ্যপ্রবাসী নেতার নামও এসেছে, যিনি নিজেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ দাবি করে বিভিন্ন তদবিরমূলক কার্যক্রম পরিচালনা করতেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, শাহিন দীর্ঘদিন ধরে কেয়ার ভিসা সংক্রান্ত দালালি, ‘লাইফ ইন দ্য ইউকে’ সার্টিফিকেট জালিয়াতি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত। এসব অবৈধ অর্থ তার নিকট আত্মীয়দের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এছাড়াও মৌলভীবাজার সদর থানার শেরপুর ও সরকার বাজার এলাকায় সরকারি জমি দখল, চাঁদাবাজি এবং ভারত থেকে চোরাচালানের মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।

এতসব অভিযোগের পরও তাকে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, এমন বিতর্কিত ব্যক্তিকে দলে দায়িত্বে রাখলে সাধারণ মানুষের মধ্যে নেতৃবৃন্দের প্রতি আস্থাহীনতা তৈরি হতে পারে।

এদিকে, শাহিনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সিন্ডিকেটে মৌলভীবাজার জেলা পর্যায়ের এক রাজনৈতিক নেতা ও বর্তমান জেলা কমিটির সদস্য সচিবের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

সূত্রঃ সমকাল


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com