• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশে ফিরলে জেলখানা কিংবা ফাঁসির মঞ্চই শেখ হাসিনার ঠিকানা: সোহেল

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৩৫
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৩৫

দেশে ফিরলে জেলখানা কিংবা ফাঁসির মঞ্চই শেখ হাসিনার ঠিকানা সোহেল
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাঁর থাকার জায়গা গণভবনে হবে না; বরং জেলখানা কিংবা আদালতের নির্ধারিত ফাঁসির মঞ্চই হবে তাঁর ঠিকানা—এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আদালত কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এখন অস্তিত্বের সংকটে ভুগছে। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলছে। শহীদ পরিবারগুলোর মতো বিএনপিও চায় তিনি দেশে ফিরে আসুন, যাতে তাঁর অপকর্মের ঘোষিত রায় কার্যকর করা যায়।

গণভবনের প্রসঙ্গ টেনে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, যে গণভবনে বসে অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, সেই গণভবন এখন সব অপকর্মের জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত। সেখানে তাঁর থাকার কোনো জায়গা নেই। বাংলাদেশে খুনিদের জন্য দুটি জায়গাই নির্ধারিত—একটি জেলখানা এবং অন্যটি আদালতের নির্ধারিত ফাঁসির মঞ্চ।

জুলাই আন্দোলনে ১৫ দিনে ১ হাজার ৫০০ সহযোদ্ধা এবং জাসাস নেতা সোহেল মোল্লা ও কৃষক দলের এক নেতাকে হত্যার অভিযোগ তুলে সোহেল বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের সমাধিতে ফুল দিতে দিতে নেতাকর্মীরা ক্লান্ত হয়ে গেছেন। এখন তাঁরা আদালতের রায় বাস্তবায়নের অপেক্ষায় আছেন।

সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার সমালোচনা করে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, গত কয়েক দিন ধরে দেশে কিছু বাড়িঘর ও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল দেখা যাচ্ছে। এর মাধ্যমে সরকারকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে, এই সরকার কোনো নিশিরাতের বা ডামি নির্বাচনের সরকার নয়; এটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দু-চারটি বাড়ি বা গাড়িতে আগুন দিয়ে এই সরকারকে ভীতসন্ত্রস্ত করার প্রশ্নই আসে না।

আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের সাম্প্রতিক এক বক্তব্যের কঠোর সমালোচনা করে সোহেল বলেন, ইউনিয়নে ইউনিয়নে বিএনপির তিনটি করে বাড়ি পোড়ানো এবং নেতাকর্মীদের ওপর হামলার হুমকি দেওয়া হচ্ছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিকেরা এ দেশের মাটিতে বড় হয়েছেন, কোনো ভিনদেশি শক্তির ওপর নির্ভর করে নয়। একজন কর্মীর গায়েও যদি হাত দেওয়া হয়, তবে এর সমুচিত জবাব দেওয়া হবে এবং কোনো শক্তিই তাদের রক্ষা করতে পারবে না।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ‘রাজ্যহীন রাজার বিলাপ’ ও ‘ডানা ভাঙা পাখির আকাশে ওড়ার স্বপ্ন’ আখ্যা দিয়ে সোহেল আরও বলেন, তারা যে দেশে আছেন, তাদের কর্মসূচি সে দেশেই পালিত হবে। বাংলাদেশের মাটিতে তাদের কোনো কর্মসূচি সফল হতে দেওয়া হবে না। বিদেশে বসে কর্মীদের বিপদের মুখে না ফেলে সময় থাকতে ভালো হওয়ার পরামর্শ দেন তিনি।

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ সোহরাবসহ জাসাসের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম