• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:৫৬
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:৫৬

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের
 

লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। তবে মেসির অনুপস্থিতিতে জাতীয় দলের ম্যাচগুলোতে দর্শকদের উপস্থিতি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। গ্যালারি আবারও সমর্থকে পূর্ণ করতে টিকিটের দাম কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

সম্প্রতি ঘরের মাঠে আর্জেন্টিনার ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি আশানুরূপ ছিল না। গত মঙ্গলবার কর্ডোভায় কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেলেও গ্যালারির অনেক আসন ফাঁকা ছিল। ৫৭ হাজার দর্শক ধারণক্ষমতার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে উপস্থিত ছিলেন প্রায় ৪২ হাজার সমর্থক।

এর আগে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও দর্শকসংখ্যা ছিল তুলনামূলক কম। ৫৫ হাজার আসনের লা বোম্বোনেরা স্টেডিয়ামে সেদিন খেলা দেখেছিলেন মাত্র ২১ হাজার দর্শক। টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমর্থকদের অসন্তোষও ছিল সেই ম্যাচের আলোচিত বিষয়।

দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে টিকিটের মূল্য কমানোর পাশাপাশি শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন মার্তিনেজ। তার মতে, আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি সমর্থকদের আগের মতো ভালোবাসা ও আবেগ ফিরিয়ে আনতে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল কর্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্তিনেজ বলেন, আরও পরিপূর্ণ গ্যালারির সামনে খেলতে চান তিনি। প্রয়োজনে দাতব্য উদ্যোগের মাধ্যমে সমর্থকদের মাঠে আনার ব্যবস্থাও করা যেতে পারে বলে মনে করেন এই গোলরক্ষক। মেসি না থাকায় দর্শকদের আগ্রহে প্রভাব পড়েছে, সেটিও স্বীকার করেছেন তিনি। তবে তার মতে, আর্জেন্টিনা জাতীয় দল শুধু একজন খেলোয়াড়কে কেন্দ্র করে নয়; পুরো দলই সমর্থকদের ভালোবাসা পাওয়ার দাবিদার।

টিকিটের দাম কমানোর বিষয়ে জোর দিয়ে মার্তিনেজ বলেন, সমর্থকদের প্রতি ভালোবাসা দেখানোর দায়িত্ব সংশ্লিষ্ট সবার। টিকিটের মূল্য কিছুটা কমিয়ে স্টেডিয়ামগুলো পূর্ণ করার ব্যবস্থা নিতে হবে। কারণ দলের জন্য সমর্থকদের উপস্থিতি ও আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টেলিফেকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মার্তিনেজ জানান, মেসিকে ছাড়া মাঠে দর্শক টানাটা যে কঠিন, তা তারা বুঝতে পারছেন। তবে আর্জেন্টিনা দলে অনেক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার রয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন খেলোয়াড়ও দলে জায়গা করে নিচ্ছেন, যাদের প্রতি সমর্থকদের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, কোচ লিওনেল স্কালোনি এবং দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে সমর্থকদের আবারও জাতীয় দলের প্রতি আকৃষ্ট করার আশাবাদ ব্যক্ত করেছেন মার্তিনেজ।

উরুগুয়ের কাছে হারের পর কোস্টারিকার বিপক্ষে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নতুন খেলোয়াড়দের গড়ে তোলার দিকেও নজর দিচ্ছে স্কালোনির দল। তবে ঘরের মাঠে দর্শকসংখ্যা বাড়াতে পরবর্তী ম্যাচগুলোর আগে টিকিটের মূল্য ও বণ্টনব্যবস্থা পুনর্বিবেচনার চাপ বাড়ছে এএফএ কর্তাদের ওপর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম