• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়া পল্টনসহ বিভিন্ন সড়ক

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৭:২৩
আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৭:২৩

9600052 1

টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়া পল্টনসহ বিভিন্ন সড়ক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীতে টানা বৃষ্টিপাতের কারণে নয়া পল্টন, বিজয়নগর, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর ও মালিবাগসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক, অলিগলি ও ফুটপাতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি দেখা গেছে নয়া পল্টন এলাকায়, যেখানে কোথাও কোথাও কোমরসমান পানি জমেছে। এতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলাতেও পানি ঢুকে পড়ে।

রোববার (১২ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, ফুটপাত ছাপিয়ে পানি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে কার্যালয়ে এসে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দলের শোক কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে অংশ নেন। দুপুরে কার্যালয় ত্যাগের সময় জমে থাকা পানি পার হতে ভবনের ভেতরে রিকশা এনে তাকে পারাপারের ব্যবস্থা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি এবং অধ্যাপক আমিনুল ইসলামকেও পানি ডিঙিয়ে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী সোহেল মাহমুদ বলেন, নয়া পল্টনের পুরো সড়ক পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত পানির কারণে যানবাহন চলাচলও কার্যত বন্ধ হয়ে পড়েছে।

বিএনপির কার্যালয়ের কর্মী শামীম জানান, রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়। সকাল ৯টার আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত দীর্ঘ সড়ক পানিতে ডুবে যায়। তার ভাষায়, পানির ঢেউ এসে কার্যালয়ের ভেতরে আছড়ে পড়ছিল। তিনি বলেন, কয়েকজন সহকর্মীকে কষ্ট করে পানি ডিঙিয়ে অফিসে পৌঁছাতে হয়েছে।

সকাল ১০টার মধ্যে বিজয়নগর, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর ও মালিবাগের বিভিন্ন সড়কও পানিতে তলিয়ে যায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিজয়নগর এলাকায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মী সুলায়মান বলেন, সকাল থেকেই রাস্তায় পানি থাকায় বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহে সমস্যা হচ্ছে। অন্যদিন দুপুরের মধ্যে কাজ শেষ হলেও এদিন দুপুর ২টা পর্যন্ত কাজ শেষ করতে পারেননি।

নয়া পল্টনের সড়কের দুই পাশে থাকা বিভিন্ন গাড়ির শোরুম, বিপণিবিতান ও দোকানেও পানি ঢুকে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজয়নগরের বাসিন্দা আনোয়ারুল আলম খান বলেন, অফিসে যাওয়ার পথে পুরোপুরি ভিজে গিয়ে তাকে বাসায় ফিরে কাপড় বদলাতে হয়েছে। তিনি জানান, সড়কে এত পানি জমেছে যে রিকশা ও অটোরিকশাও চলতে পারছে না। বিভিন্ন স্থানে সিএনজি ও ব্যক্তিগত গাড়ি পানিতে আটকে থাকতে দেখা গেছে।

তিনি আরও বলেন, অল্প সময়ের টানা বৃষ্টিতেই মালিবাগ, কাকরাইল, শান্তিনগর ও নয়া পল্টনে জলাবদ্ধতা তৈরি হয়, যা নতুন কোনো সমস্যা নয়। তার মতে, এ পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, কারণ রাজধানীর এমন অবস্থা স্বাভাবিক জনজীবন ও কর্মচাঞ্চল্যে বড় ধরনের প্রভাব ফেলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com