শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিসের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল অংশ নেবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুই সদস্যের একটি প্রতিনিধি দল মনোনীত করেছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দলের অপর সদস্য হিসেবে থাকছেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (রিবিল্ডিং ট্রাস্ট ইন অ্যা ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড)।
উল্লেখ্য, এশীয় রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপি ২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রতিষ্ঠিত হয়। বিএনপি সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য। সিউলে অনুষ্ঠেয় ১৩তম সাধারণ অধিবেশনের যৌথ আয়োজক হিসেবে রয়েছে দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি।












