শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সংসদীয় কার্যক্রমকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে জাতীয় সংসদের প্রকল্প বাস্তবায়ন কমিটি। একই সঙ্গে প্রকল্পের নাম ‘ই-পার্লামেন্ট’ থেকে পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রকল্পের কার্যক্রম যথাযথ বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় এবং কাজের পুনরাবৃত্তি পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও পরিচিতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রকল্পের আওতায় সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন কার্যক্রমে কাজের দ্বৈততা বা পুনরাবৃত্তি রয়েছে কি না, তা যাচাই করতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য সাঈদ আল নোমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জকে নিয়ে গঠিত উপকমিটিকে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা সভায় অংশ নেন।












