• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

স্বাভাবিক ইসিজিতেও ধরা পড়বে হৃদরোগের ঝুঁকি

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:৫৫
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:৫৫

 

হৃদরোগ শনাক্তে নতুন সম্ভাবনা তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এত দিন হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম পরীক্ষা করতে ব্যবহৃত সাধারণ ইসিজি এখন এআইয়ের সহায়তায় আরও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারছে। এমনকি পরীক্ষার ফল স্বাভাবিক দেখালেও হৃদরোগের গোপন ঝুঁকি শনাক্ত করতে পারে এই প্রযুক্তি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি ইসিজির এমন কিছু সূক্ষ্ম সংকেত ও ধরন বিশ্লেষণ করতে পারছে, যা চিকিৎসকের খালি চোখে ধরা পড়া কঠিন। এর মাধ্যমে সম্ভাব্য হার্ট অ্যাটাক, হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে যাওয়া, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা এবং বয়সের তুলনায় হৃদ্‌যন্ত্রের দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ শনাক্ত করা সম্ভব হতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউসিএলএর ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের শিক্ষক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আফশিন এমরানি বলেন, ইসিজি এখন হৃদ্‌রোগ নির্ণয়ের নতুন সম্ভাবনাময় একটি হাতিয়ার হয়ে উঠেছে। তুলনামূলক কম খরচে এবং সহজে করা যায় এই পরীক্ষা। প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের ইসিজি করা হয়। এআই যুক্ত হওয়ায় পরীক্ষার ফল থেকে আরও বেশি তথ্য বের করা সম্ভব হচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, শুধু নিয়মিত হৃদযন্ত্র পরীক্ষা নয়, বড় ধরনের হার্ট অ্যাটাকের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্র ও ভারতে হৃদ্‌রোগ শনাক্ত এবং চিকিৎসার পদ্ধতিতে এই প্রযুক্তি পরিবর্তন আনছে।

বিশেষ করে ইসিজির মাধ্যমে হৃদযন্ত্রের বয়স, পেশির কার্যক্ষমতা এবং সম্ভাব্য জটিলতার ইঙ্গিত পাওয়ার সুযোগ চিকিৎসকদের জন্য আগাম সতর্কতা তৈরিতে সহায়ক হতে পারে।

তবে এআইনির্ভর ইসিজি প্রচলিত চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। বরং রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সিদ্ধান্ত নিতে এটি সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম